ARTPOET.IN

পান্থ তুমি পান্থজনের সখা | pantho tumi panthojoner sokha

Getting your Trinity Audio player ready...

পান্থ তুমি, পান্থজনের সখা হে,

পথে চলাই সেই তো তোমায় পাওয়া।

যাত্রাপথের আনন্দগান যে গাহে

তারি কণ্ঠে তোমারি গান গাওয়া।

চায় না সে জন পিছন-পানে ফিরে,

বায় না তরী কেবল তীরে তীরে,

তুফান তারে ডাকে অকূল নীরে

যার পরানে লাগল তোমার হাওয়া।

পথে চলাই সেই তো তোমায় পাওয়া।

পান্থ তুমি, পান্থজনের সখা হে,

পথিক-চিত্তে তোমার তরী বাওয়া।

দুয়ার খুলে সমুখ-পানে যে চাহে

তার চাওয়া যে তোমার পানে চাওয়া।

বিপদ বাধা কিছুই ডরে না সে,

রয় না পড়ে কোনো লাভের আশে,

যাবার লাগি মন তারি উদাসে–

যাওয়া সে যে তোমার পানে যাওয়া।

পথে চলাই সেই তো তোমায় পাওয়া।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

 
Scroll to Top