স্ট্রেচারের পরে শুয়ে কুয়াসা ফিরিছে বুঝি তোমার দুচোখেঃ ভয় নেই, মৃত্যু নয় কোনো এক অপদার্থ অন্যায় আলোক; তা’হ্লে কি এত লোক ম’রে যেত মশালের লালসায়- মাছির মতন? অমৃতের সিড়ি ব’লে মানুষেরা গড়িত কি এত শাদা শ্লোক।
আজ মৃত্যু; এর আগে ম্যাটেডরদের মৃত্যু ছিল স্পেনে? লড়েছে বীরের মত রাঙা রৌদ্রে আপনারে সব চেয়ে হাম্বড়া জেনে খেয়েছে আঁধার রাত্রি অকস্মাৎ। তবু এক হরিয়ালঃ বাংলার পাখি শিকারীর-গুলি-সার-নীলাকাশ ভেবে ময় মরণকে মেনে।
তবু মোরা দিবালোক উত্থাপন করি রোজ শৌণ্ডিকের মত; গেলাস ভরিয়া দেই;- মনে হয় কম্পাশ, সিন্ধু, রৌদ্র,- জীবন ফলত ধোমান মৃত্যুর চেয়ে। মরে গেছে ভূস্তরের অন্ধকার চূর্ণ পারা। কিন্তু আমাদের আয়ু মানস্পট গিলে ফেলে সূর্যের মতন ব্যক্তিগত।