কোন্ ক্ষণে | kon khone Getting your Trinity Audio player ready... কোন্ ক্ষণে সৃজনের সমুদ্রমন্থনে উঠেছিল দুই নারী অতলের শয্যাতল ছাড়ি। একজনা উর্বশী, সুন্দরী, বিশ্বের কামনা-রাজ্যে রানী, স্বর্গের অপ্সরী। অন্যজনা লক্ষ্মী সে কল্যাণী, বিশ্বের জননী তাঁরে জানি, স্বর্গের ঈশ্বরী। একজন তপোভঙ্গ করি উচ্চহাস্য-অগ্নিরসে ফাল্গুনের সুরাপাত্র ভরি নিয়ে যায় প্রাণমন হরি, দু-হাতে ছড়ায় তারে বসন্তের পুষ্পিত প্রলাপে, রাগরক্ত কিংশুকে গোলাপে, নিদ্রাহীন যৌবনের গানে। আরজন ফিরাইয়া আনে অশ্রুর শিশির-স্নানে স্নিগ্ধ বাসনায়; হেমন্তের হেমকান্ত সফল শান্তির পূর্ণতায়; ফিরাইয়া আনে নিখিলের আশীর্বাদপানে অচঞ্চল লাবণ্যের স্মিতহাস্যসুধায় মধুর। ফিরাইয়া আনে ধীরে জীবনমৃত্যুর পবিত্র সংগমতীর্থতীরে অনন্তের পূজার মন্দিরে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 108